প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2026 ইং
লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযান: ৩০ লাখ টাকার কাঠ-বাঁশ জব্দ

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম খিরাম এলাকায় অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে মজুদ করা বিপুল পরিমাণ কাঠ ও বাঁশ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। জব্দ করা বনজ সম্পদের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।
বুধবার (২৮ অক্টোবর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন খিরাম আর্মি ক্যাম্পের একটি টহলদল উপজেলার বড়ইতলি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব কাঠ ও বাঁশ জব্দ করে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, অভিযানে বিভিন্ন প্রজাতির আনুমানিক ২ হাজার ঘনফুট কাঠ জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ১ হাজার ২৮২ টুকরা সেগুন, ১ হাজার ৫৯ টুকরা গামার, ৮৮ টুকরা কড়ই ও ১০৪ টুকরা লামা কাঠ। এ ছাড়া অভিযানকালে ৬ হাজার ৩৬০টি বাঁশ জব্দ করা হয়। জব্দ করা কাঠ ও বাঁশের সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।
অভিযান শেষে লক্ষ্মীছড়ি জোন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ক্যাম্প কমান্ডারের উপস্থিতিতে জব্দ করা কাঠ ও বাঁশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সর্তা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্টরা জানান, অবৈধভাবে বনজ সম্পদ আহরণ ও পাচার রোধ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বনজ সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।
Copyright © www.chtnewstribune.com| All rights reserved