প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2026 ইং
পুলিশের টহল গাড়ির সামনে নিষিদ্ধ যুবলীগের মিছিল, তদন্তের নির্দেশ দিলেন ডিআইজি

সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে পুলিশের টহল গাড়ির সামনে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। বুধবার (২৮ অক্টোবর) ভোরে কামারখন্দ উপজেলার শহীদনগর বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ঘটনায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার সন্ধ্যায় ডিআইজি বলেন, যমুনা সেতুর পশ্চিম পাশে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের বিক্ষোভ মিছিলের বিষয়টি সিরাজগঞ্জের পুলিশ সুপার তাঁকে জানিয়েছেন। ওই সময় দায়িত্ব পালনকারী টহল দল কিংবা আশপাশের থানার কর্মকর্তাদের কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হকের ব্যানার নিয়ে কয়েকজন মিছিলের সামনের সারিতে রয়েছেন। মিছিলে ৩৫ থেকে ৪০ জন অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁরা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। এ সময় পুলিশের একটি টহল গাড়িকে মিছিলের সামনে দিয়ে যেতে দেখা যায়। ভিডিওতে পুলিশকে লক্ষ্য করে হুমকিমূলক বক্তব্য দেওয়ার দৃশ্যও রয়েছে।
জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে এ মিছিল করা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম, জেলা পুলিশের মুখপাত্র এবং পুলিশ সুপার সাইফুল ইসলাম শানতুর সরকারি মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের সাড়া পাওয়া যায়নি।
Copyright © www.chtnewstribune.com| All rights reserved