
কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর ইস্টার্ন মেডিকেল কলেজের ভারতীয় শিক্ষার্থী আদনান আলতাফের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৪ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে পশ্চিম মনিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আদনান আলতাফ ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সুপুর এলাকার বুনপাড়া, দাঙ্গালপাড়ার বাসিন্দা আলতাফ হোসাইন রাথারের ছেলে। তিনি বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।
পরিবারের তথ্য ও সহপাঠীদের সূত্রে জানা যায়, আদনান কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তাঁর পড়াশোনাও অনিয়মিত ছিল। মানসিক অসুস্থতার কারণে তাঁর মাকে সঙ্গে রেখে কলেজ ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করা হয়েছিল। গত সোমবার (০২ নভেম্বর) রাত ১১টা ৩৬ মিনিটে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে একটি ইন্ডিয়ান ফুড হোটেলে যাওয়ার পর রাত ১২টা ৫ মিনিট থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পাওয়ার পর বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ পশ্চিম মনিপুর এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে এ বিষয়ে তদন্ত চলছে।