প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 7, 2026 ইং
থানচিতে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বান্দরবানের থানচিতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়ালিদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরীফুল ইসলাম, থানচি কলেজের অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবীর হোসেন এবং থানচি থানার উপপরিদর্শক (এসআই) বাসুদেবসহ অন্যরা।
সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের এক সংকটময় মুহূর্তে ত্রাতার ভূমিকায় আবির্ভূত হয়েছিলেন। তাঁর স্মৃতিবিজড়িত ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনের সঙ্গে দেশের মানুষের পাশাপাশি পাহাড়ের মানুষের আবেগ, ঐতিহ্য ও ইতিহাসও জড়িয়ে রয়েছে।
অন্যান্য বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসের একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়।
দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও সংহতির চেতনা ধারণ করে সবাইকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Copyright © www.chtnewstribune.com| All rights reserved