প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 7, 2026 ইং
বাঘাইহাট জোনের অভিযানে অস্ত্র, গুলি ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের রানাসাবা পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে একটি দেশীয় পিস্তল, এ্যামোনিশন, মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় ইউপিডিএফ (মূল) দলের চিফ কালেক্টর রূপেশ চাকমা ওরফে ইয়াং বাবু পালিয়ে যান বলে জানিয়েছে সেনাবাহিনী।
শনিবার (৭ নভেম্বর) বাঘাইহাট জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে একটি দেশীয় পিস্তল, তিনটি এ্যামোনিশন, একটি দেশীয় চাকু, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ টাকা, চাঁদা আদায়ের সাতটি রশিদ বই, একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল, চারটি কম্বল, পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভিন্ন সরঞ্জাম।
বাঘাইহাট জোনের দাবি, রূপেশ চাকমা ওরফে ইয়াং বাবু ইউপিডিএফ (মূল) দলের চিফ কালেক্টর হিসেবে শুকনাছড়া ও রানাসাবা এলাকায় কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।
সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © www.chtnewstribune.com| All rights reserved