
চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসের ধাক্কায় মোহাম্মদ শামসুল আলম (৬০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের ডাকবাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল আলম চুনতি শাহ সাহেব গেট এলাকার মৃত আবদুল জলিলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শামসুল আলম বাইসাইকেল নিয়ে গাছের চারা কেনার জন্য একটি নার্সারিতে যাওয়ার সময় পেছন থেকে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাস তাঁর বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়।
ঘটনার পর বাসটির চালক পালিয়ে গেলেও স্থানীয় লোকজন বাসটি আটক করেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।