প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 10, 2026 ইং
সুন্দরবনে ফাঁদে পড়া চিত্রা হরিণ অবমুক্ত করল কোস্ট গার্ড

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকে থাকা একটি আহত চিত্রা হরিণ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। প্রাথমিক চিকিৎসা শেষে হরিণটিকে নিরাপদে সুন্দরবনের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়।
সোমবার (০৯ নভেম্বর ২০২৬) রাতে ১০ টায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মোংলা থানাধীন সুন্দরবনের পশুর নদীর সুন্দরতলা খালসংলগ্ন এলাকায় হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পেতেছে একটি চক্র। খবর পেয়েে সোমবার দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন শিকারির পাতা ফাঁদে আটকে থাকা অবস্থায় একটি জীবিত চিত্রা হরিণ উদ্ধার করা হয়।
উদ্ধারের পর হরিণটিকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে দুপুর ৩টার দিকে নন্দবালা ফরেস্ট অফিসের বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে সুন্দরবনের সূর্যমুখী এলাকায় সেটিকে নিরাপদে অবমুক্ত করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ, অবৈধ শিকার প্রতিরোধ এবং বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Copyright © www.chtnewstribune.com| All rights reserved