প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 10, 2026 ইং
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান

খাগড়াছড়ির পানছড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় পানছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. ইউসুফ আলীর নেতৃত্বে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিকেল ৫টায় জিয়া স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক মো. সোলাইমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আবছার হোসেন, সদস্যসচিব মো. সেলিম হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইদ্রিসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে প্রায় ১৩০ থেকে ১৫০ জন নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দেশব্যাপী নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। খাগড়াছড়িতে বিআরটিসি বাসে অগ্নিসংযোগ এবং গুইমারায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার উল্লেখ করে তাঁরা দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
এ সময় উপজেলা যুবদলের সদস্যসচিব মো. সেলিম হোসেন পানছড়ির কুরাদিয়া ছড়ায় নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা রয়েছে বলে দাবি করেন। এ বিষয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
Copyright © www.chtnewstribune.com| All rights reserved