
কুড়িগ্রামের উলিপুর পৌরসভার কয়েকটি এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, বাড়িতে চুরি, মাদক সেবন ও বেচাকেনাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় চরম আতঙ্ক ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তুলে ধরে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে থানায় গণস্বাক্ষরসংবলিত লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
সম্প্রতি পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের নারিকেল বাড়ি, শঠিবাড়ী, খামার ভাটিয়াপাড়া ও ডাক্তারপাড়া এলাকার বাসিন্দারা উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে এই অভিযোগ করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কয়েকটি কিশোর গ্যাং এসব এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। সম্প্রতি বেশ কয়েকটি বাড়িতে চুরির ঘটনাও ঘটেছে। এ ছাড়া মাদক সেবন, বেচাকেনা এবং দলবদ্ধভাবে পাড়ায় পাড়ায় ঘোরাফেরা করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁদের মদদদাতাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।
এলাকাবাসীর অভিযোগ, মাদক কারবারিদের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পান না সাধারণ মানুষ। মাদকসেবীদের বেপরোয়া আচরণ ও সংঘাতের আশঙ্কায় অনেকেই মুখ খুলতে চান না। ফলে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধও গড়ে উঠছে না। এতে এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি জননিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
অভিযোগকারীরা আশঙ্কা প্রকাশ করে জানান, এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে এসব এলাকায় আরও বড় ধরনের অপরাধ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তাই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা, মাদক কারবার বন্ধ এবং এলাকায় শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, এলাকাবাসীর গণস্বাক্ষরসংবলিত লিখিত অভিযোগ পাওয়া গেছে। থানায় জনবলসংকট থাকায় তাৎক্ষণিকভাবে সব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হিমশিম খেতে হচ্ছে। তবে অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় সচেতন মহলকে সম্পৃক্ত করা প্রয়োজন বলে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন এলাকায় সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে সচেতনতামূলক সভা ও কাউন্সেলিং করা হলে এ ধরনের উদ্যোগে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।