প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2026 ইং
কিশোরগঞ্জে খুন, ডাকাতি, অপহরণ সহ ১৭ মামলার আসামী হযরত আলী গ্রেপ্তার

কিশোরগঞ্জের হাওরের দুর্ধর্ষ ডাকু হযরত আলী (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতি, খুন, চুরি, অপহরণ ও মারামারিসহ ১৭ মামলার আসামি হযরত আলীকে ধরতে
ইটনা থানা পুলিশের ১৬ ঘন্টার সাঁড়াশি অভিযানে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা আড়াইটার দিকে উপজেলার এলংজুরি ইউনিয়নের কাকটেঙ্গুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইটনা থানার ওসি হাবিবুল্লাহ খান অভিযানে নেতৃত্ব দেন। এছাড়া এসআই সজীব কুমার দত্ত, এসআই একেএম মোশারফ হোসেন, এসআই মো. সালাহ উদ্দিন, এসআই মো. সামছুল আলম সাব্বির, এএসআই আলমগীর ভূইয়া, এএসআই মোস্তাক হোসেন, এএসআই মো. মেহেদী হাসান এবং সঙ্গীয় ফোর্স এই সাঁড়াশি অভিযানে অংশ নেন। গ্রেপ্তারকৃত হযরত আলী জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত মগল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সে আন্ত:জেলা ডাকাতদলের একজন সক্রিয় সদস্য এবং হাওরাঞ্চলে নৌডাকাতিসহ চুরি ও ডাকাত দলের গ্যাং লিডার। তার নামে ইটনা ও মিঠামইন থানায় একাধিক খুন ও ডাকাতিসহ মোট ১৭টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে হাওর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলো। জেলা পুলিশের কাছে ছিলো সে মোস্ট ওয়ান্টেড।
ইটনা থানার ওসি হাবিবুল্লাহ খান জানান, বিগত বর্ষা মৌসুমে হাওরে একাধিক ডাকাতির ঘটনায় হযরত ডাকাত নেতৃত্ব দিয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ একাধিকবার অভিযান পরিচালনা করলেও সে কৌশলে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে আসছিলো। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ছিলনী সেতু এলাকায় অবস্থান করে হযরত ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ইটনা থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পার্শ্ববর্তী কাকটেঙ্গুর গ্রামের দিকে সরে গিয়ে আত্মগোপন করে।
তাকে ধরতে রাতভর গ্রাম এলাকায় পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এরপরও তাকে ধরতে না পারায় পুলিশ বৃহস্পতিবার দিনের বেলায়ও অভিযান অব্যাহত রাখে। অবশেষে বেলা আড়াইটার দিকে কাকটেঙ্গুর গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
Copyright © www.chtnewstribune.com| All rights reserved