প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2026 ইং
নোয়াখালীর চাটখিলে শশুর বাড়ি থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার

শশুর বাড়ীর পরিত্য্ক্ত ঘর হতে জামাই রাসেলের মরদেহ উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ। ঘটনার পর থেকে স্ত্রীসহ শশুর বাড়ীর লোকেরা পালিয়ে গেছে। রাসেলের বাবার অভিযোগ শশুর বাড়ীর লোকেরা তার ছেলেকে হত্যা করেছে।
নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানখালী গ্রামের রেহান উদ্দিন হাজি বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত রাসেল সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে।গত ৫দিন থেকে রাসেল (২৮) নিখোঁজ রয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাসেলের সঙ্গে তাঁর স্ত্রী মুক্তা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৬ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে স্ত্রী মুক্তা বেগম ফোন করে রাসেলকে তাঁর বাবার বাড়িতে ডেকে নেন।
এরপর থেকেই নিখোঁজ ছিলেন রাসেল। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।এ ঘটনার পরদিন ৭ নভেম্বর রাসেলের বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে রাসেল নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁর স্ত্রী মুক্তা বেগম ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
বুধবার(১১ নভেম্বর) গভীর রাতে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফের নেতৃত্বে পুলিশের একটি দল এবং চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানাসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি রাসেলের শ্বশুরবাড়িতে যান। এ সময় বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে তাঁদের সন্দেহ হয়। পরে ঘরটিতে তল্লাশি চালিয়ে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ দেখতে পান তাঁরা। মরদেহটি পুরোনো লেপ-তোশক দিয়ে ঢেকে রাখা হয়েছিল।
নিহত রাসেলের বাবা সিরাজুল ইসলাম কান্নাজড়িত কন্ঠে বলেন, তার ছেলেকেশশুর বাড়ির লোকেরা মেরে ফেলাছে। তিনি তার ন্যায় বিচার দাবি করেন।স্থানীয়দের ধারণা, পারিবারিক বিরোধের জেরে রাসেলকে হত্যা করে মরদেহ গোপন করার উদ্দেশ্যে মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল। ঘটনার পর থেকে তার শশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, নিহত রাসেলের বাবার জিডি’র সূত্র ধরে রাত আনুমানিক ২ টায় নিহতের শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘর থেকে মাটি ছাপা অবস্থায় নিহত রাসেলের লাশ থানা পুলিশ উদ্ধার করে। বৃহস্পতিবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়া গেলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
Copyright © www.chtnewstribune.com| All rights reserved