ad728

কেক কাটা, শিক্ষা উপকরণ ও খাবার বিতরণে বান্দরবানে পিসিসিপির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2026 ইং
ad728
পাহাড়ের সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের ন্যায্য ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করার প্রত্যয়ে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি), বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বান্দরবান শহরের শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার, হিলবার্ড মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি আসিফ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক তানভীর হোসেন ইমন ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সৈকত। এ সময় পৌর ও সদর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আসিফ ইকবাল বলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের সংগঠন নয়; এটি পাহাড়ের সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা ও সম্প্রীতির পক্ষে কাজ করে। আমাদের স্লোগান—'দল যার যার, ছাত্র পরিষদ সবার'। পাহাড়ের কোনো জনগোষ্ঠীর ন্যায্য অধিকার উপেক্ষা করা যাবে না, একইভাবে অন্য কোনো জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকারও খর্ব করা যাবে না। শিক্ষা, উচ্চশিক্ষা ও কর্মসংস্থানে বৈষম্য এবং কোটা ব্যবস্থার প্রয়োগে অসংগতির বিরুদ্ধে পিসিসিপি অতীতের মতো ভবিষ্যতেও গণতান্ত্রিক ও সাংবিধানিক উপায়ে সোচ্চার থাকবে।

তিনি আরও বলেন, পাহাড়ের দুর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাবৃত্তি বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ জরুরি। কোনো শিক্ষার্থী যেন জাতিগত পরিচয়, আর্থসামাজিক অবস্থা কিংবা ভৌগোলিক অবস্থানের কারণে সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রুমা উপজেলা শাখার উদ্যোগে জাবালুল কোরআন মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সহসভাপতি জমির উদ্দীন ও রুমা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হুজাইফা মাহমুদ।

লামা উপজেলা শাখার উদ্যোগে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উপজেলা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক মিলন।

অন্যদিকে আলীকদম উপজেলা শাখার উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি আরফাতুল ইসলামসহ নেতাকর্মীরা।

বক্তারা বলেন, পাহাড়ে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রতিষ্ঠায় সকল সম্প্রদায়ের সমান অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। প্রতিষ্ঠার পর থেকে পিসিসিপি শিক্ষার্থীদের অধিকার আদায়ের পাশাপাশি শিক্ষা উপকরণ বিতরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামী দিনেও বৈষম্যহীন, সম্প্রীতিপূর্ণ ও শিক্ষাবান্ধব পার্বত্য চট্টগ্রাম গঠনে সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ