মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের বগির হুক ছিঁড়ে গিয়ে বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে ৭টি বগি বনের ভেতরে প্রায় চার ঘণ্টা আটকে থাকে। পরে বিকল্প ইঞ্জিন দিয়ে বগিগুলো সরিয়ে নেওয়ার পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
গত শুক্রবার দুপুর দেড়টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ দুর্ঘটনা ঘটে। এর আগে সকালে ট্রেনটি সিলেট রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে এসেছিল।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশের পর হঠাৎ বগির সংযোগ হুক ছিঁড়ে যায়। এ সময় ৯টি বগি নিয়ে ট্রেনের মূল ইঞ্জিন শ্রীমঙ্গল স্টেশনের দিকে চলে যায় এবং পিছনের সাতটি বগি বনের গহীনে বিচ্ছিন্ন অবস্থায় থেকে যায়।
দীর্ঘ সময় বনের ভেতরে আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাতে হয় ট্রেনে থাকা যাত্রীদের। খবর পেয়ে বিকল্প ইঞ্জিন এনে বিকেল সোয়া পাঁচটার দিকে বিচ্ছিন্ন বগিগুলো উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, সোয়া পাঁচটার দিকে বগিগুলো উদ্ধারের পর সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।
এদিকে পাহাড়িকা এক্সপ্রেস উদ্ধারে অংশ নেওয়া রিলিফ ট্রেনটি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের কাছে বিকেল সাড়ে চারটার দিকে উদ্ধারকারী ট্রেনটির একটি চাকা লাইনচ্যুত হয়।
আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক জানান, বিকেলে স্টেশন ইয়ার্ড থেকে বের হওয়ার সময় রিলিফ ট্রেনটির একটি চাকা লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনার ফলে ডাউন লাইনে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

স্টাফ রিপোর্টার