শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে ৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহমেদ ইবনে রিয়াজ, এসপিপি, দীঘিনালার গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উদ্যাপন কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলেন এবং সিসি ক্যামেরাসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দেন।
বিজিবি অধিনায়ক বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এ সময় পূজামণ্ডপের নিরাপত্তায় সংশ্লিষ্ট কমিটি ও স্বেচ্ছাসেবকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এদিকে, শারদীয় দুর্গাপূজাকে ঘিরে দীঘিনালার পূজামণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনে প্রস্তুতির পাশাপাশি নিরাপত্তাব্যবস্থার ওপরও গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

স্টাফ রিপোর্টার