চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের করিমপুর এলাকায় একটি মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মুহরম আলী (২৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
গত শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুহরম আলী নারায়ণহাট ইউনিয়নের পশ্চিম চান্দপুর (ইয়াসিনপুর) এলাকার মো. মোস্তফার ছেলে। তিনি করিমপুর এলাকার ওই পোল্ট্রি ফার্মে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবারও খামারে কাজ করছিলেন মুহরম আলী। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে রাত ৯টার দিকে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরমান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় মুহরম আলীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্টাফ রিপোর্টার