বান্দরবানের লামা শহরের প্রধান মুখে চরম ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে একটি সংকীর্ণ বেইলি ব্রিজ। লামা বাস টার্মিনাল থেকে মূল বাজারে প্রবেশের প্রধানতম এই মাধ্যমটি দিয়ে প্রতিদিন চলাচল করছে শত শত যান এবং হাজারো মানুষ। তবে বেইলি ব্রিজটির বর্তমান অবস্থা এতটাই বিপজ্জনক যে, যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে এই স্থানে একটি প্রশস্ত ও স্থায়ী কংক্রিটের সেতু ছিল। তবে ২০১৯ সালে রাস্তা উঁচুকরণ ও সংস্কারকাজ শুরু হওয়ার পর যান চলাচলের সুবিধার্থে পুরোনো সেতুটির উপর অস্থায়ী ভিত্তিতে এই বেইলি ব্রিজটি স্থাপন করা হয়। কথা ছিল সংস্কারকাজ শেষে স্থায়ী গার্ডার সেতু তৈরি করা হবে, কিন্তু দীর্ঘ সাত বছর পার হয়ে গেলেও সেই 'অস্থায়ী' বেইলি ব্রিজেই আটকে রয়েছে লামাবাসীর নিরাপদ যাতায়াত।
লামা পৌর শহর হলো পুরো উপজেলার মূল বাণিজ্যিক কেন্দ্র এবং অফিস আদালত। বাজারের নিত্যপ্রয়োজনীয় মালামাল ও মালামালবাহী বড় বড় ট্রাক-কাভার্ডভ্যানকে প্রতিদিন এই সরু ব্রিজের ওপর দিয়েই আসা-যাওয়া করতে হয়। ব্রিজটি এতই সংকীর্ণ যে, একটি ছোট অটো রিকশা বা সিএনজি ব্রিজে উঠলেও পথচারীদের দাঁড়িয়ে থাকা ছাড়া উপায় থাকে না।
সম্প্রতি লামা উপজেলা অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের যানবাহনের চাপে এখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে হাটের দিন এখানে তৈরি হয় অসস্তিকর যানজট।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বাস টার্মিনালের পাশেই রয়েছে ঐতিহ্যবাহী নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন শত শত কোমলমতি শিশু পায়ে হেঁটে এই ব্রিজের ওপর দিয়েই স্কুলে যাতায়াত করে। কোনো ফুটপাত বা নিরাপদ পথ না থাকায় ব্রিজের ওপর ভারী গাড়ি ও সিএনজি চলাচলের সময় শিশুদের জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হয়।
নুনারবিল এলাকার একজন স্থানীয় অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, "ছোট ছোট ছেলেমেয়েরা প্রতিদিন স্কুলে যায়। ব্রিজটি এতই সরু যে একটা সিএনজি গেলেও মানুষের দাঁড়ানোর জায়গা থাকে না। সবসময় আতঙ্কে থাকতে হয় কখন কী দুর্ঘটনা ঘটে।" লামা বাজারের একজন ব্যবসায়ী জানান,
"২০২২ সালে পুরাতন মালামাল দিয়ে জোড়াতালির মাধ্যমে ব্রিজটি তৈরি করা হয়। সাময়িকভাবে তৈরি করা বেইলি ব্রিজটি দিয়ে আজও ভারী মালামালবাহী ট্রাক যাতায়াত করছে। বেইলি ব্রিজের মেয়াদ ও ধারণক্ষমতা অনেক আগেই শেষ। অনতিবিলম্বে এখানে প্রশস্ত স্থায়ী সেতু নির্মাণ করা জরুরি।"
স্থানীয় সচেতন মহল ও জনসাধারণের জোর দাবি, কোনো বড় অঘটন ঘটার আগেই সড়ক ও জনপথ (সওজ) বিভাগসহ স্থানীয় প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। অস্থায়ী বেইলি ব্রিজটি অপসারণ করে সেখানে ফুটপাতসহ একটি স্থায়ী ও প্রশস্ত পাকা সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন লামাবাসী।
এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান সড়ক ও জনপদের নির্বাহী প্রকোশলী সজীব মাহমুদ মুঠোফোনে জানান, "এই ব্রিজটি নির্মাণের জন্য উর্ধতন কতৃপক্ষের নিকট প্রস্তাব করা হয়েছে। প্রকল্প অনুমোদন হলে নতুন করে ব্রিজটি তৈরি করা হবে।"

স্টাফ রিপোর্টার