সরকারি অনুদান কিংবা বড় কোনো বরাদ্দের জন্য বসে না থেকে নিজেদের ভাগ্য পরিবর্তনে আবারো দৃষ্টান্ত স্থাপন করলেন বান্দরবানের লামা উপজেলার ম্রো সম্প্রদায়ের বাসিন্দারা। উপজেলার দুর্গম রোয়াজাপাড়া থেকে পর্যটন স্পট মারাইংতং পর্যন্ত স্বেচ্ছাশ্রমে ও নিজেদের অর্থায়নে ১ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের শেষ প্রান্তে অবস্থিত রোয়াজাপাড়া ও পাশাপাশি রেংলেপাড়া। রোয়াজাপাড়ায় ৫২টি এবং রেংলেপাড়ায় ২৫টি ম্রো পরিবার বসবাস করে। প্রতিটি পরিবারে গড় সদস্য সংখ্যা ১৫ থেকে ১৬ জন, ফলে দুই পাড়া মিলিয়ে প্রায় ১২ শত মানুষের বসবাস সেখানে।
এর আগে ২০২৩ সালে গ্রামবাসীরা নিজেদের শ্রম ও অর্থ দিয়ে আলীকদমের মংল্হাপাড়াস্থ কামারপাড়া থেকে রোয়াজাপাড়া পর্যন্ত ৪ কিলোমিটারের একটি মাটির রাস্তা তৈরি করেছিলেন।
কিন্তু অত্যন্ত উঁচু পাহাড়, ঝিরি-ঝর্ণা ও ছড়ানালা পরিবেষ্টিত হওয়ায় বর্ষা মৌসুমে সড়কটি ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়ত। প্রতি বছর জুমের ফসল ও কৃষিপণ্য পরিবহনে পাহাড়িদের চরম দুর্ভোগ পোহাতে হতো। ভাঙা সড়ক সংস্কার করতেই প্রতি বছর দুই থেকে তিন লাখ টাকা গুনে দিতে হতো তাদের।
এই দুর্ভোগ ও খরচ কমাতে রোয়াজাপাড়ার বাসিন্দা ফরাও ম্রো এবং দুই পাড়াবাসীর যৌথ উদ্যোগে মারাইংতং সড়কের সাথে ১ কিলোমিটারের নতুন এই সংযোগ মাটির রাস্তাটি তৈরি করা হয়।
উদ্যোক্তা ফরাও ম্রো জানান, নিজের উৎপাদিত কৃষিপণ্য পরিবহনের জন্য তিনি একটি 'বি-৭০' গাড়ি কিনেছিলেন। কিন্তু চলাচলের উপযুক্ত সড়ক না থাকায় গাড়িটি পাড়ায় নেওয়া সম্ভব হচ্ছিল না। তিনি বলেন, "প্রথমে নিজের অধিকাংশ খরচে এবং পাড়াবাসীর সহায়তায় পায়ে হাঁটার পথ কেটে গাড়ি চলাচলের উপযোগী করেছিলাম। কিন্তু বর্ষার পর তা সংস্কারে প্রচুর খরচ হতো। বর্তমানে অর্থনৈতিক মন্দাভাবের কারণে সবার পক্ষে টাকা দেওয়া কঠিন। তাই দূরত্ব ও খরচ কমাতে মারাইংতং সড়কের সাথে মাত্র ১ কিলোমিটারের নতুন পথটি করেছি।"
তিনি আরও বলেন, "আমার এই একটি গাড়িতেই এখন রোয়াজাপাড়া ও রেংলেপাড়ার হাজারো মানুষ, রোগী এবং জুমের উৎপাদিত ফসল পরিবহন করা হয়। নবনির্মিত এই সংযোগ সড়কটিই এখন দুই পাড়ার মানুষের চলাচলের প্রধান ভরসা।"
রোয়াজাপাড়ার বাসিন্দা মেনইয়ং ম্রো বলেন, 'আমি এখানকার ম্রোদের উৎপাদিত কৃষিপণ্য ক্রয় করে সেগুলো চকরিয়া পাইকারি বিক্রি করি। আগে মানুষদ্বারা পরিবহন করতে হতো। এতে করে পন্যের মুল্য কম দেয়া হত। এখন নিজেরা রাস্তা বানিয়ে সেই রাস্তায় ফরাও ম্রো'র গাড়ি দিয়ে কম খরচে পণ্য পরিবহন করতে পারাই ম্রো জুমিয়ারা কৃষিপণ্যের মুল্য আগের চেয়ে বেশি পাচ্ছে।'
রেংলেপাড়ার বাসিন্দা রেংসং ম্রো বলেন, 'রাস্তা না থাকার কারনে আগে আমরা উপজেলা সদরের সাথে সহজে যোগাযোগ করতে পারতাম না। এক অসুস্থকে চিকিৎসার জন্য চার জনে বহন করে নিতে হতো। আমরা এখন নিজেরা রাস্তা বানিয়ে সে রাস্তা দিয়ে রোগিদেরকে গাড়ি যোগে দ্রুত চিকিৎসা করাতে পারছি।'
সাঙ্গু মৌজা হেডম্যান চংপাত ম্রো বলেন, রোয়াজাপাড়া ও রেংলে পাড়ার শিক্ষার্থী ম্রো ছেলে মেয়েরা নতুন রাস্তা দিয়ে স্কুল কলেজে সহজে যাতায়ত করতে পারার আনন্দ ভাষায় বুজানো যাচ্ছে না।' হেডম্যান চংপাত একটি সরকারি রাস্তা পাওয়ার দাবি জানান।
স্বাধীনতার ৫৬ বছর পার হলেও এই দুর্গম নৃ-গোষ্ঠী পাড়াগুলোতে সরকারের পক্ষ থেকে টেকসই কোনো সড়ক নির্মাণ করে দেওয়া হয়নি। স্থানীয়দের মতে, প্রতি বছর উপজেলা ও ইউনিয়ন পরিষদ থেকে কোটি কোটি টাকার উন্নয়ন সহায়তা তহবিল বরাদ্দ হলেও পাহাড়ি অঞ্চলের এসব দুর্গম এলাকায় উন্নয়নের আলো পৌঁছায় না। যা পাহাড়ে সুষম উন্নয়ন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উন্নয়ন পরিকল্পনাকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করায়।
পাহাড়ের সুবিধাবঞ্চিত এই ম্রো জনগোষ্ঠীর যাতায়াত কষ্ট লাঘব ও উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সড়কটি টেকসই ও পাকা করার জন্য বর্তমান সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের শুভ দৃষ্টি কামনা করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।

স্টাফ রিপোর্টার