বৌদ্ধ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা–২০২৬ উদযাপন উপলক্ষে ফটিকছড়ির হাইদচকিয়া শান্তিধাম বিহার ও হাইদচকিয়া মৈত্রী সংঘের উদ্যোগে গতকাল রাতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীর। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।
অনুষ্ঠানে সংসদ সদস্য সরোয়ার আলমগীরকে ফুল দিয়ে বরণ করেন ফটিকছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবু হিরু বড়ুয়া। এ সময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাইদচকিয়া শান্তিধাম বিহারের সভাপতি বাবু বিশ্বজিৎ বড়ুয়া ও সাধারণ সম্পাদক বাবু উচ্ছ্বাস বড়ুয়া। এ ছাড়া বক্তব্য দেন হাইদচকিয়া মৈত্রী সংঘের সভাপতি বাবু বিটন বড়ুয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৈত্রী সংঘের সাধারণ সম্পাদক বাবু সুমিত বড়ুয়া।
প্রধান অতিথি সংসদ সদস্য সরোয়ার আলমগীর ফানুস উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে হাইদচকিয়া শান্তিধাম বিহারের অধ্যক্ষ ভদন্ত স্মৃতিবংশ ভিক্ষু ফানুস উৎসর্গ করেন এবং উপস্থিত সবাইকে আশীর্বাদ প্রদান করেন।
সন্ধ্যায় সমবেত প্রার্থনা ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

স্টাফ রিপোর্টার