ad728

জাতীয় নিরাপত্তায় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান আনসার মহাপরিচালকের

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026 ইং
ad728


সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগের দৃপ্ত অঙ্গীকার নিয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুরে সফলভাবে সম্পন্ন হলো ‘অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণ-২০২৬’-এর সমাপনী কুচকাওয়াজ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন আনসার সদস্যদের সালাম ও অভিবাদন গ্রহণ করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

কুচকাওয়াজ পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের অর্থনীতি, শিল্পকারখানা ও গুরুত্বপূর্ণ কেপিআই (KPI) সমূহের নিরাপত্তা নিশ্চিতকরণে অঙ্গীভূত আনসার সদস্যদের অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে সদস্যদের পেশাগত মর্যাদা এবং কল্যাণ নিশ্চিতকরণে সরকারের গৃহীত বিভিন্ন কল্যাণমুখী উদ্যোগের কথা উল্লেখ করেন।

মহাপরিচালক বলেন, দেশের পাঁচ হাজারেরও বেশি গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিল্পকারখানা ও কেপিআইয়ের নিরাপত্তায় প্রায় ৫৫ হাজারের বেশি অঙ্গীভূত আনসার সদস্য নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। জাতীয় নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিত প্রশিক্ষণ ও কার্যক্রমের মাধ্যমে দুর্যোগ মোকাবিলা ও জরুরি পরিস্থিতিতে বাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি করা হবে।

তিনি দায়িত্ব পালনকালে সরকারি জানমাল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যেসব অঙ্গীভূত আনসার সদস্য ত্যাগ স্বীকার করেছেন এবং আহত হয়েছেন, তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলোতে ডাকাতির চেষ্টা প্রতিহত করাসহ দেশের বিভিন্ন স্থানে দুষ্কৃতিকারীদের অপতৎপরতা প্রতিরোধে অঙ্গীভূত আনসার সদস্যরা সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে যাচ্ছেন।

অঙ্গীভূত আনসার সদস্যদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের কথা উল্লেখ করে মহাপরিচালক বলেন, তাঁদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে দীর্ঘদিনের প্রত্যাশিত রেস্ট প্রথা বাতিল করা হয়েছে। পাশাপাশি আবাসন ব্যবস্থার উন্নয়ন, নিজ বিভাগে বদলির সুযোগ সৃষ্টি এবং রেশন ব্যবস্থার মান ও পরিমাণ বৃদ্ধিসহ জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। ফলে প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাঁদের ভূমিকা আরও সম্প্রসারিত হবে। সদস্যদের প্রাপ্য বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রশাসনিক ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা হচ্ছে। কোনো মধ্যস্বত্বভোগী যাতে সদস্যদের ভাতা আত্মসাৎ করতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে মহাপরিচালক বলেন, বর্তমান সময়ের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় মৌলিক প্রশিক্ষণে শারীরিক সক্ষমতা, অস্ত্র পরিচালনা, নিরাপত্তা পদ্ধতি, ইনসিডেন্ট ম্যানেজমেন্ট ও আইনি বিষয়সহ বিভিন্ন যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। তিনি নবীন সদস্যদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে প্রয়োগ করার আহ্বান জানান।

গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শুরু হওয়া ৬০ দিনব্যাপী এই প্রশিক্ষণে অনুমোদিত ৬৯২ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ৬৫৪ জন অংশগ্রহণ করেন এবং ৬২৭ জন সফলভাবে তা সম্পন্ন করেন। প্রশিক্ষণে ফায়ারে প্রথম স্থান অর্জন করেন কুমিল্লা জেলার কাজী মো. আবু সাঈদ, ড্রিলে প্রথম স্থান অর্জন করেন নোয়াখালী জেলার মো. ফিজুর রহমান এবং সেরা প্রশিক্ষণার্থী নির্বাচিত হন খাগড়াছড়ি জেলার মো. সাবিকুর রহমান। অনুষ্ঠানে কৃতিত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কুচকাওয়াজ শেষে তুরস্ক জেন্ডামেরি দলের প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় একটি দাঙ্গা প্রতিরোধ নিরাপত্তা মহড়া প্রদর্শিত হয়। মহড়া শেষে মহাপরিচালক জানান, যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আনসার বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট (অতিরিক্ত মহাপরিচালক) মো. সাইফুল্লাহ রাসেল, তুরস্ক থেকে আগত প্রশিক্ষণসংশ্লিষ্ট কর্মকর্তা-প্রশিক্ষকবৃন্দ এবং বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ