সুন্দরবন থেকে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে নৌবন্ধন, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন উপকূলের হাজারো জেলে-বাওয়ালি।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে শত শত নৌকা নিয়ে নদীতে অবস্থান নিয়ে তাঁরা বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান এবং জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি জানান।
বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান, গাবুরা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব খায়রুল ইসলাম মিলন, গাবুরা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি ইয়াসিন আরাফাত, ইউপি সদস্য জি এম আবিয়ার রহমান, ফরিদা পারভীন, মাস্টার আব্দুর রহিম, খালিদ হোসেন, পারুল আক্তার এবং ভুক্তভোগী জেলে বাবলুর রহমান, সবুর আলী, ওমর ফারুক ও সাইফুল ইসলাম প্রমুখ।
সমাবেশে জেলেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সুন্দরবনে মাছ ধরতে যাওয়ার সময় মুক্তিপণের দাবিতে প্রতিনিয়ত জেলেদের অপহরণ করা হচ্ছে। বনদস্যুদের ভয়ে তাঁরা বনে যেতে পারছেন না এবং পরিবার-পরিজন নিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো দৃশ্যমান পদক্ষেপ না পাওয়ায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এর আগে গত রবিবার সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ১০ জেলে বনদস্যুদের হাতে অপহরণের শিকার হন, যা উপকূলীয় জেলেদের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।
সমাবেশে সংহতি জানিয়ে শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির বলেন, সুন্দরবনের বনদস্যুদের নির্মূলের দাবিতে বন ও পরিবেশমন্ত্রীর সঙ্গে দেখা করে জেলেদের দুর্দশার কথা তুলে ধরা হবে।
অন্যদিকে বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক সালাউদ্দিন লিটন জানান, তাঁদের আন্দোলনের নবম দিন চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি; দ্রুত অভিযান শুরু না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান জানান, জেলে-বাওয়ালিদের এই আন্দোলনের সঙ্গে তাঁরা একমত। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বনদস্যুদের বিরুদ্ধে যৌথ অভিযান চালাতে বন বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।

স্টাফ রিপোর্টার