বনদস্যু বাহিনীকে চাঁদা না দিয়ে সুন্দরবনে প্রবেশ করতে পারছেন না বনজীবীরা। সুন্দরবনে বনদস্যু নির্মূল করার দাবিতে সাতক্ষীরা উপকূলে চলছে টানা আন্দোলন। সোমবার (৯ নভেম্বর) সুন্দরবনের খোলপেটুয়া নদীতে নৌকায় চড়ে বিক্ষোভ মানববন্ধন করেন বনজীবীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান, বনদস্যু নির্মূল কমিটির সমন্বয়ক সালাউদ্দীন লিটন, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি সোলায়মান কবির, উপজেলা কৃষকদের আহবায়ক নুরুজ্জামান, বনজীবী আরিফুল ইসলাম, ওমর ফারুকসহ আরও অনেকে।
বক্তারা বলেন, বনজীবীরা অসহায় হয়ে পড়েছে। অধিকাংশ বনজীবীদের বনে প্রবেশ বন্ধ হয়ে গেছে। ৫০ হাজার থেকে লাখ টাকা পর্যন্ত চাঁদা দিতে হচ্ছে পৃথক পৃথক ৮ থেকে দশটি দস্যু বাহিনীকে। বনদস্যু নির্মূল দাবিতে গেল ২৮ অক্টোবর উপকূলের গাবুরা থেকে শুরু হওয়া এ বিক্ষোভ ছড়িয়েছে গোটা উপকূলজুড়ে। দাবি একটাই দস্যু মুক্ত সুন্দরবন চাই।
সুন্দরবন দস্যু মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছে বনদস্যু নির্মূল কমিটি।

স্টাফ রিপোর্টার