ad728

চীনের ৪০ তলা ভবনে ভয়াবহ আগুন, নিহত ১৪

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2026 ইং
ad728

চীনের উত্তরাঞ্চলে ৪০ তলাবিশিষ্ট একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


সোমবার (৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার বিকেল ৪টা ৫৯ মিনিটের দিকে শানসি প্রদেশের রাজধানী তাইয়ুয়ানের ব্যস্ত বাণিজ্যিক এলাকায় অবস্থিত হাওশেং ইন্টারন্যাশনাল অ্যাপার্টমেন্ট ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়। অগ্নিকাণ্ডের পর ৩৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে প্রথমে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া যায়।


পরে সোমবার সকালে মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ায়। এখনো ২৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর।


সিনহুয়া আরও জানিয়েছে, ৪০ তলাবিশিষ্ট ভবনটিতে আবাসিক অ্যাপার্টমেন্টের পাশাপাশি হোটেল, স্বল্পমেয়াদি ভাড়ার আবাসন, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান এবং শিশুদের শিক্ষাকেন্দ্র ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের নিচের একটি সংযুক্ত অংশের চতুর্থ তলার আশপাশ থেকে আগুনের সূত্রপাত হয় এবং পরে তা অষ্টম ও নবম তলায় ছড়িয়ে পড়ে, যেখানে একটি হোটেল রয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভবনের বিভিন্ন তলায় আগুন জ্বলছে এবং জানালা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এসময় বাইরে ক্রেন ব্যবহার করে দমকলকর্মীদের আগুন নেভাতে দেখা গেছে।

এদিকে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।


উল্লেখ্য, চীনে বহুতল ভবন ও শিল্পপ্রতিষ্ঠানে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত বছরের নভেম্বরে হংকংয়ে কয়েকটি বহুতল ভবনে ভয়াবহ আগুনে ১৬৮ জন নিহত হন। এরপর দেশজুড়ে বহুতল ভবনের অগ্নিনিরাপত্তা জোরদারে অভিযান শুরু করে চীন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ