বান্দরবানের আলীকদমে তামাক চাষে নিরুৎসাহিতকরণ এবং তামাকের বিকল্প ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরে মসলার উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার আলীকদম সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব পালং পাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম।
উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা বলেন, তামাক চাষের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বলেন, তামাক চাষের ফলে কৃষিজমির উর্বরতা হ্রাসসহ পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ে। তাই কৃষকদের তামাক চাষ থেকে সরে এসে মসলা, শাকসবজি ও অন্যান্য লাভজনক বিকল্প ফসল চাষে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম বলেন, তামাক চাষের ক্ষতিকর দিক বিবেচনায় কৃষকদের বিকল্প ফসল চাষে এগিয়ে আসতে হবে। কৃষকদের আর্থিকভাবে লাভবান করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় তামাকের পরিবর্তে নিরাপদ ও পুষ্টিকর ফসল উৎপাদনে গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে কৃষি বিভাগের পরামর্শ ও আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে কৃষকদের বিকল্প ফসল চাষে উৎসাহিত হওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন কুমার ঘুষ, আলীকদম প্রেসক্লাবের সভাপতি এস এম জিয়াউদ্দিন জুয়েলসহ স্থানীয় কৃষক ও কৃষাণীরা।

স্টাফ রিপোর্টার