পাহাড়ের বুকজুড়ে সোনালি ধানের ঢেউ। সবুজ পাহাড়ের গায়ে যেন প্রকৃতি এঁকেছে সোনালি এক ছবি। দূর থেকে দেখলে মনে হয়, পাহাড়ের সবুজ চাদরে বিছিয়ে দেওয়া হয়েছে সোনার কারুকাজ। আর সেই সোনালি মাঠজুড়ে এখন ব্যস্ততা। হাতে কাঁচি, মাথায় রঙিন কাপড় আর চোখেমুখে আনন্দ নিয়ে পাকা জুম ধান কাটছেন পাহাড়ের জুমিয়ারা।প্রতিটি পাহাড়ে এখনো সোনালী ধানের নবান্ন উৎসব। দীর্ঘদিনের শ্রম, অপেক্ষা আর স্বপ্নের ফসল ঘরে তোলার আনন্দে তাঁদের মুখে ফুটেছে মিষ্টি হাসি।
বান্দরবানের সাতটি উপজেলায় পাহাড় জুড়ে সোনালী জুমের ধান কাটা ধুম লেগেছে। চারদিকে হলদের রঙ্গে বাতাসের দোলনায় ভাসাচ্ছে ধানের আটিগুলো। সবুজের মোড়ানো,কাঁচা মরিচ, ভুট্টা, মারফা,তিল হলুদসহ নানা সাথী ফসল। সকাল হলেই দল বেঁধে জুমখেতে ছুটে যান নারী-পুরুষ। কেউ কাটছেন পাকা ধান, কেউ বাঁধছেন আঁটি, আবার কেউ ব্যস্ত কাটা ধান সংগ্রহে। পাহাড়ের ঢালে ঢালে ছড়িয়ে পড়ে কর্মব্যস্ত মানুষের কণ্ঠস্বর। ধান কাটার ফাঁকে চলে গল্প, হাসি আর আনন্দ ভাগাভাগি। সব মিলিয়ে বান্দরবানের পাহাড়ে এখন যেন ফসল ঘরে তোলার উৎসব।
রুমা সড়কের পাশে কয়েকফুট উচ্চতা পাহাড়ে রিংলট ম্রো (৫৭) স্বপরিবারে এবং শ্রমের বিনিময়ে ৮ জন নারী দলবলনিয়ে জুমের পাকা ধান কাটছেন। কথা হয় জুম চাষী রিংলট ম্রো সাথে।
তিনি জানিয়েছে, এবছর তিন আড়ি ধানের জুম করতে পেরেছেন। এবছর জুমের ধান মোটামুটি ভালো হয়েছে, কারন সময় মতো বৃষ্টি হওয়ার কারনে জুমের ধান ভালো হয়েছে। এবছর জুম থেকে দেড়শ থেকে ২শ আড়ি ধান পাওয়ার আশা করছেন।
এই সোনালি দৃশ্যের পেছনে রয়েছে দীর্ঘ পরিশ্রমের গল্প। জুম চাষের শুরু থেকে ফসল ঘরে তোলা পর্যন্ত প্রতিটি ধাপেই জড়িয়ে থাকে শ্রম, ধৈর্য আর প্রকৃতির সঙ্গে এক ধরনের লড়াই। পাহাড়ের ঢালে জমি প্রস্তুত, বীজ বপন, আগাছা পরিষ্কার ও ফসলের পরিচর্যাসবকিছুই করতে হয় নিজেদের হাতে। কখনো অনুকূল আবহাওয়া, কখনো বৃষ্টি কিংবা খরার অনিশ্চয়তা। নানা প্রতিকূলতা পেরিয়ে যখন জুমের ধান পেকে ওঠে, তখন সেই আনন্দের অনুভূতি যেন অন্য সবকিছুকে ছাপিয়ে যায়। আর নতুন জুমের ধান মানে প্রতিটি পাহাড়ি পল্লিতে নবান্ন উৎসবের আনন্দের ঢেউ।
অজাই পাড়া জুমচাষী ক্রাফোচিং মারমা বলেন, জুমের নতুন ধান কাটা শুরু হয়েছে। গ্রামের সবাই মিলে নবান্ন উৎসবের আনন্দ হবে মজা হবে। আর সবাই মিলে জুমের নতুন ভাত রান্না করে পাড়াবাসী মিলে নবান্ন উৎসবের মেতে উঠবে।
প্রতিবছর নভেম্বর-ডিসেম্বর মাসে জুমের জায়গা নির্ধারণ করা হয়। জানুয়ারি -ফেব্রুয়ারি মাসে জুম চাষের জন্য নির্ধারিত জায়গায় জঙ্গল কাটা শুরু পর জুন মাসে জুমের ধানসহ সাথীফসল বপন করা হয়। সেপ্টেম্বরের প্রথম দিকে জুমের ধান কাটা শুরু হয় এবং সেপ্টেম্বর - নভেম্বর পযর্ন্ত জুমের ধান কাটা, মাড়াই ও শুকানো প্রক্রিয়া চলে। ধান শুকানো শেষে জুমঘর থেকে মূলঘরে ধান স্থানান্তর করার পর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী মাস পর্যন্ত চলে ঘরে ঘরে জুম ধানের নবান্ন উৎসব ।
জুমিয়া নারী সংডং ম্রো (১৯) বলেন, জুম না করলে আমরা কি খাবো। প্রতিবছর জুম চাষ করি কারণ এটা আমাদের ঐতিহ্য। জুমের ধানের সাথে সাথীফসল হিসেবে মিষ্টি কুমড়া, মারফা, বেগুন,ভুট্টা,তিল,মরিচ, ঢেরসসহ ৩০-৩৫ প্রকার সাথী ফসল চাষ হয়।
পাহাড়ের কারো ব্যক্তিগত জায়গায় কিংবা কেউ কেউ পাহাড় বর্গা নিয়ে জুম চাষ করেন এক বছর। কেননা দুর্গমের সমতলের জমি না থাকায় পাহাড় তাদের খাদ্যে আয়ের প্রধান উৎস। পাহাড়কে ভরসা করে চলে তাদের জীবনের সংগ্রাম। তাছাড়া জুম চাষ আদিবাসীদের ঐতিহ্য আর সংস্কৃতি একটা অংশ। এই অংশ হিসেবে এখনো পাহাড়ের জুম কাটার ধুম।
লুংলাইং পাড়া জুমিয়া বাচনু মারমা জুমের ধান কাটছেন ৭জন নারী। তারা জানান, জুমা চাষ না করলে খাবো কি! আমাদের ত জায়গায় নাই কারো কাছ থেকে বর্গা নিয়ে জুম ধান চাষ করছি। কারণ আগে বাবা-মা চাষ করে এসেছে তাই সে সংস্কৃতিকে আমাদের ধরে রাখতে হচ্ছে।
জুমচাষিদের কাছে প্রতিটি ধানের শিষের মূল্য অনেক। এর সঙ্গে জড়িয়ে থাকে পরিবারের খাদ্যের জোগান, সন্তানদের ভবিষ্যৎ আর সারা বছরের বেঁচে থাকার প্রত্যাশা। তাই ক্লান্তি থাকলেও থেমে থাকে না তাঁদের হাত। নিজের হাতে ফলানো ফসল যখন ঘরে তোলার সময় আসে, তখন পরিশ্রমের কষ্ট ভুলে আনন্দে মেতে ওঠেন তাঁরা। প্রজন্মের পর প্রজন্ম ধরে জুম চাষের সঙ্গে গড়ে উঠেছে তাঁদের নিবিড় সম্পর্ক। পাহাড়ের মাটি, প্রকৃতি আর ঋতুর পরিবর্তনের সঙ্গে মিল রেখেই চলে এই চাষাবাদ। তাই জুমের ধান কাটার মৌসুম এলেই পাহাড়ি জনপদে তৈরি হয় আলাদা এক প্রাণচাঞ্চল্য।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, বান্দরবানে ২০২৩-২৪ অর্থবছরে জুম চাষের উৎপাদন হয়েছে ১০হাজার ৪৮৯.৭১ মেট্রিকটন। ২০২৪-২৫ অর্থবছরে উৎপাদনের ছিল ১২হাজার ৪৯৯.৪১ মেট্রিকটন চাউল। ২০২৫-২৬ অর্থবছরে জুম চাষের আবাদ ১১হাজার ৮৯৫ হেক্টর জায়াগায় উৎপাদন লক্ষ্য মাত্রা ১৩হাজার ৩৮৭.৯৩ মেট্রিকটন।
জুম বাগানে সরেজমিনে দেখা যায়, পাহাড় জুড়ে সোনালী জুমের ধানের সমারোহ। সাথী ফসল হিসেবে মারফা, তিল, ভুট্টা,আদা,হলুদ চাষ করা হয়েছে। নারী-পুরুষ দলবেঁধে মাথায় থ্রুং (ঝুড়ি) নিয়ে জুমের ধান কাটছেন। কেউ ধান জুম ঘরে নিয়ে যাচ্ছে কেউ ধান কাটছেন আবার কেউ মারাই করছেন। নতুন ধান ঘরে তোলার ব্যস্ত জুমিয়ারা। এবারে ধান ভালো হওয়াই খুশি তারাও।
কৃষি বিভাগ উপ-পরিচালক আবু নাঈম মো: সাইফুউদ্দিন বলেন, বান্দরবানে চলতি বছর প্রায় ১১হাজার ৮৯৫ হেক্টর জায়গায় জুমের আবাদ হয়েছে। জুমের উৎপাদন বৃদ্ধিতে কৃষিবিভাগ বিভিন্ন পরামর্শ এবং স্থানীয় জাতের সাথে হাইব্রিড জাতীয় ধান উৎপাদন করার জন্য উৎসাহ ও পরামর্শ প্রদান করে থাকে বলে জানান তিনি।

স্টাফ রিপোর্টার