ad728

মেঘনায় ফেরিতে বাল্কহেডের ধাক্কা, চাপা পড়ে শিশুর মৃত্যু; আটক ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 13, 2026 ইং
ad728
শরীয়তপুর-চাঁদপুর নৌপথে মেঘনা নদীতে চলন্ত ফেরিতে বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় তরিকুল ইসলাম (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু। দুর্ঘটনার পর বাল্কহেডটি জব্দ করেছে নৌ-পুলিশ। এ ঘটনায় বাল্কহেডের দুই শ্রমিক ও ফেরির চালকসহ তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বেড়াচাক্কি এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরিকুল শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বাসিন্দা। পরিবারের সঙ্গে চাঁদপুর থেকে গ্রামের বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হয় সে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, শুক্রবার সকালে চাঁদপুরের হরিণা ঘাট থেকে ‘কাকলি’ নামের ফেরিটি শরীয়তপুরের নরসিংহপুর ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। ফেরিটি ভেদরগঞ্জ উপজেলার বেড়াচাক্কি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি দ্রুতগতির বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা একটি বাস ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বাল্কহেড ও বাসের মাঝখানে চাপা পড়ে তিন শিশু।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়। আহত অপর দুই শিশুকে দ্রুত উদ্ধার করে অন্য একটি নৌযানে করে চিকিৎসার জন্য চাঁদপুরে পাঠানো হয়।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, ফেরিটি মেঘনা নদীর মূল অংশ পাড়ি দিয়ে একটি চরের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় আশপাশ দিয়ে কয়েকটি বালুভর্তি বাল্কহেড চলাচল করছিল। এর মধ্যে দ্রুতগতির একটি বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা একটি বাস ক্ষতিগ্রস্ত হয় এবং বাল্কহেড ও বাসের মাঝখানে চাপা পড়ে তিন শিশু। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত দুজনকে উদ্ধার করে চাঁদপুরে পাঠানো হয়েছে।

নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, দুর্ঘটনার পর বালুভর্তি বাল্কহেডটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে নৌ-পুলিশ সদস্যরা বাল্কহেডটি জব্দ করেন এবং এর দুই শ্রমিককে আটক করেন। পাশাপাশি ফেরির চালককেও আটক করা হয়েছে। দুর্ঘটনাজনিত অবহেলায় মৃত্যুর অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ