ad728

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ২০ দফা দাবি ও সুপারিশ সমূহের প্রচারপত্র বিতরণ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2026 ইং
ad728

পার্বত্য এলাকার সর্বস্তরের মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ, স্থায়ী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে সরকারের নিকট পিসিএনপি বিভিন্ন দাবি ও সুপারিশ প্রস্তুত করেছে। এসব দাবি ও সুপারিশ সম্বলিত একটি গুরুত্বপূর্ণ প্রচারপত্র প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক। 


শনিবার ১৪ নভেম্বর রাঙ্গামাটি কাঁঠালতলী মৃধা ভবন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত দাবি পাঠ করেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান। দাবি ও সুপারিশগুলো হচ্ছে; "১. ঔপনিবেশিক ব্রিটিশ আমলের বৈষম্যমূলক ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি এবং এর আওতাধীন সকল প্রজ্ঞাপন ও নির্দেশনা বাতিল করতে হবে। এর পরিবর্তে সমতলের ৬১ জেলার ন্যায় পার্বত্য চট্টগ্রামেও সবার জন্য সমান জমি ক্রয়-বিক্রয় ও ভূমি ব্যবস্থাপনা চালু করতে হবে। পার্বত্য অঞ্চলের উপজাতিরা যেভাবে দেশের অন্য সব জেলায় জমি কিনতে পারেন, তেমনি সমতলের সকল বাংলাদেশী নাগরিকেরও পার্বত্য এলাকায় জমি কিনে মালিকানা লাভ করার সমান অধিকার থাকতে হবে।


২. পার্বত্য চট্টগ্রামে কার্বারী, হেডম্যান ও রাজা প্রথা বাতিল করে জমি-জমার খাজনা আদায়ের দায়িত্ব জেলা প্রশাসকদের নিকট ন্যস্ত করা আবশ্যক। একইসাথে স্থায়ী বাসিন্দার সনদ প্রদানের ক্ষমতা ইউপি চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকদের নিকট ন্যস্ত করতে হবে।


৩. পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের কাজ শুরু করার পূর্বে ভূমি জরিপ করা, কমিশনে বাঙালি প্রতিনিধি অন্তর্ভুক্ত করা এবং কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ রাখতে হবে (যা বর্তমান আইনে নেই)। অতঃপর খাসজমি পাহাড়ি-বাঙালি সকল ভূমিহীনদের মাঝে ১০ একর করে বন্দোবস্ত দিতে হবে। এক্ষেত্রে সমতল জেলাগুলোর ন্যায় ভূমি ব্যবস্থাপনা চালু করতে হবে।


৪. বিগত সরকারের আমলে বাজারফান্ড এলাকায় বন্ধ করে দেওয়া ব্যাংক ঋণ পূর্বের ন্যায় পুনরায় চালু করতে হবে। বাজারফান্ড প্লটের লিজের মেয়াদ ১০ বছরের স্থলে ৯৯ বছরে উন্নীত করতে হবে।


৫. পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি-বাঙালি সকল নাগরিকের জন্য আয়কর ও ব্যাংক ঋণের সুদের ক্ষেত্রে অভিন্ন নীতি গ্রহণ করতে হবে।


৬. রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলার প্রাকৃতিক সম্পদ, মৎস্য, বনজ, ফলদ, প্রাণিসম্পদ ও খনিজ সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে শিল্প-কারখানা চালু করতে হবে। কর্মসংস্থান ও উন্নয়নের স্বার্থে তিন পার্বত্য জেলায় পরিবেশবান্ধব ইটভাটা চালু করতে হবে।


৭. মাছ-মাংস, ফলমূল ও কৃষিজাত পণ্য দীর্ঘমেয়াদী সংরক্ষণ করে বাজারজাত করার নিমিত্তে তিন পার্বত্য জেলায় হিমাগার নির্মাণ করতে হবে।


৮. পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী ভূমিতে ক্ষতিকর তামাক চাষ ক্রমান্বয়ে নিরুৎসাহিত করে এর পরিবর্তে আম, আনারস, কলা, কমলা, মালটা, কাজুবাদাম, জলপাই, পেয়ারা, বড়ই, ডালিম, আদা, হলুদ, মরিচ, এলাচ, গোলমরিচ, তেজপাতা ও দারুচিনিসহ অন্যান্য ফলদ ও মসলাজাত কৃষিপণ্য চাষে কৃষকদের ব্যাপকহারে উদ্বুদ্ধ করতে হবে। কৃষকদের আর্থিক স্বচ্ছলতা ও পাহাড়ী অঞ্চলের টেকসই কৃষির স্বার্থে সরকারিভাবে পর্যাপ্ত ভর্তুকী প্রদান এবং সহজ শর্তে কৃষি ঋণের ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে ফলদ ও মসলা চাষে কৃষকদের সম্পৃক্ত করতে হবে।


৯. চন্দ্রঘোনা পেপার মিলের কাগজ উৎপাদন বন্ধ থাকায় সেখানে ইপিজেড নির্মাণ করে ছোট, মাঝারি ও বড় কারখানা স্থাপন করতে হবে; ঘাগড়া টেক্সটাইল মিলে লাভজনক অন্য কোনো শিল্প-কারখানা চালু করতে হবে এবং কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রটি সংস্কার করে বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করতে হবে। বান্দরবানে ছাত্তার ম্যাচ ও আজিজউদ্দিন সিগারেট ফ্যাক্টরি বন্ধ করে লাভজনক যেকোন উৎপাদনশীল কারখানা করতে হবে ও আন্তর্জাতিক মানের একটি রাবার কারখানা স্থাপন করতে হবে। খাগড়াছড়িতে বড় আকারে ডিজিটাল সিস্টেমে রাবার শিল্প কারখানা ও চা শিল্প কারখানা নির্মাণ করতে হবে।


১০. সরকার কর্তৃক পার্বত্য চট্টগ্রামে পর্যটন শিল্পের জরুরি সম্প্রসারণ করতে হবে। দেশি-বিদেশি পর্যটক বান্ধব পরিবেশ গড়ে তুলে পর্যটকদের অবাধে চলাফেরা ও বিনোদন সহ নিরাপত্তার সার্বিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।


১১. পার্বত্য এলাকায় ব্যাপকভাবে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, নার্সিং ট্রেনিং কলেজ প্রতিষ্ঠাসহ সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহকে সরকারি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে।


১২. পার্বত্য চট্টগ্রামে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষে তিন জেলার ২৬টি উপজেলাতেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত স্থাপন করে রীতি, প্রথা, পদ্ধতি রহিত করে সংবিধানের আলোকে সারাদেশের ন্যায় প্রচলিত আইনে বিচার ব্যবস্থা চালু করতে হবে। পার্বত্য চট্টগ্রামের দূর্গম উপজেলাগুলোতে চৌকি আদালত চালু করতে হবে।


১৩. দেশীয় ও আন্তর্জাতিক কুচক্রি মহলের ইন্ধনে আদিবাসী স্বীকৃতির দাবি বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় সশস্ত্র সংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র করে কাল্পনিক স্বাধীন 'জুম্মল্যান্ড' প্রতিষ্ঠা করার এক মহা পরিকল্পনা নিয়েই এগুচ্ছে। অথচ বাংলাদেশীরাই বাংলাদেশের আদিবাসী। আমরা সবাই বাংলাদেশী। এখানে আলাদা কোন সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে আদিবাসী স্বীকৃতি দিলে সেই অঞ্চল রাষ্ট্রের হাত ছাড়া হয়ে যাবে। সার্বভৌমত্ব হারাবে। তাই আদিবাসী স্বীকৃতি আদায়ের নামে যারা উঠেপড়ে লেগেছে তারা রাষ্ট্রদ্রোহী, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।


১৪. পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের অসহায় বৃদ্ধ নারী-পুরুষদের জন্য তিন জেলায় ০৩ টি বৃদ্ধাশ্রম নির্মাণ করতে হবে।

১৫. পার্বত্য অঞ্চলের সামগ্রিক উন্নয়নে উপজাতি ও বাঙালি- উভয় সম্প্রদায়ের পিছিয়ে পড়া নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এজন্য পার্বত্য চট্টগ্রামের সরকারি-বেসরকারি চাকরি, দেশীয় এনজিও এবং পর্যটন খাতসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পিছিয়ে পড়া উপজাতি ও বাঙালি নারীদের জন্য সুনির্দিষ্ট কোটা সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। একই সাথে, কর্মক্ষেত্রে তাদের যাতায়াতের নিরাপত্তা এবং হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি কর্মজীবী নারীদের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।


১৬. জাতির দর্পণ- তিন পার্বত্য জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।


১৭. পার্বত্য অঞ্চলে নির্বিঘ্নে যাতায়াত ও জীবনমান উন্নয়নে নৌ ও স্থলপথের মালিক-শ্রমিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে সন্ত্রাসী চক্রের চাঁদাবাজি, বছরে ২০% হারে চাঁদা বৃদ্ধি এবং মুক্তিপণ আদায়ের কারণে তাঁরা প্রতিনিয়ত জিম্মি ও নিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন। পরিবহন খাতের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে হবে। পাশাপাশি দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার ব্যয়ভার সরকারিভাবে বহন করতে হবে।


১৮. পার্বত্য এলাকার সকল নাগরিকের সাংবিধানিক অধিকার সর্বক্ষেত্রে নিশ্চিত করতে হবে। ১৯০০ সালের শাসনবিধির দোহাই দিয়ে পার্বত্যবাসীকে সংবিধানের সুফল থেকে বঞ্চিত রাখা হচ্ছে। অথচ সংবিধানের মৌলিক অধিকার ও অনুচ্ছেদগুলো এই অঞ্চলের জনগোষ্ঠীর ক্ষেত্রে যথাযথভাবে বাস্তবায়িত হওয়া জরুরি।

তাই পার্বত্যবাসীর ন্যায়সংগত অধিকার রক্ষায় সংবিধানের-১, ২, ৩, ৪, ৬, ৯, ১১, ১৪, ১৫, ১৯, ২৫, ২৭, ২৯, ৩১, ৩২, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪১, ৪২ এবং ১২১ নম্বর অনুচ্ছেদসমূহ অবিলম্বে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।


১৯. সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে পার্বত্য চট্টগ্রামে সংঘটিত ২১টি গণহত্যার শিকার ৩৬ হাজার বাঙালি শহীদকে 'জাতীয় বীর' হিসেবে ঘোষণা করতে হবে এবং তাঁদের সমাধিস্থলগুলো সরকারিভাবে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতে হবে।

একই সঙ্গে, বছরের যেকোনো একটি দিনকে 'পার্বত্য চট্টগ্রাম গণহত্যা দিবস' হিসেবে জাতীয়ভাবে পালন করতে হবে। শহীদ পরিবারের সদস্যদের শিক্ষা, চাকরি ও ব্যবসায় অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ সুযোগ প্রদান করতে হবে এবং সরকারিভাবে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে জাতির সামনে প্রকাশ করতে হবে।


২০. সম্পদে ভরপূর বিপুল সম্ভাবনাময় পার্বত্য চট্টগ্রামের নিজস্ব আয় দিয়েই বাংলাদেশের সার্বিক অর্থনীতিতে বড় অবদান রাখা সম্ভব। তবে সেজন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে নিম্নে উল্লেখিত সুপারিশগুলো বাস্তবায়ন করতে হবে।


সুপারিশসমূহ: (ক) পার্বত্য চট্টগ্রামে বসবাসরত যে কোনো সম্প্রদায়ের বাংলাদেশি নাগরিকের জন্য শিক্ষা, চাকরি ও ব্যবসার ক্ষেত্রে অভিন্ন নীতি অবলম্বন করে সব ধরনের বৈষম্য দূর করা অতীব জরুরি প্রয়োজন। সেই ক্ষেত্রে উপজাতীয় কোটার পরিবর্তে পার্বত্য কোটা চালু করে পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের জন্য একনীতি করতে হবে।


(খ) পার্বত্য এলাকার ভারসাম্য রক্ষায় 'উইন-উইন' নীতি গ্রহণ করা প্রয়োজন। জনসংখ্যার আনুপাতিক হারে সদস্যপদ নির্ধারণ করে পাহাড়ি-বাঙালি সকলের জন্য চেয়ারম্যান পদটি উন্মুক্ত রেখে জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদের নির্বাচন আয়োজন করা জরুরি প্রয়োজন। চেয়ারম্যান পদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান পদটিও রাখা প্রয়োজন।


(গ) কার্বারী, হেডম্যান ও সার্কেল চীফ প্রথা বাতিল করে তাদের যাবতীয় প্রশাসনিক কার্যক্রম জেলা প্রশাসকের হাতে ন্যস্ত করা জরুরি প্রয়োজন।


(ঘ) জাতীয় সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, টাস্কফোর্স ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পাহাড়ি ও বাঙালিদের সমান অংশীদারিত্ব বা নেতৃত্ব নিশ্চিত করা প্রয়োজন। যেহেতু পার্বত্য চট্টগ্রাম দেশের এক-দশমাংশ অঞ্চল নিয়ে গঠিত এবং এখানে ২৬টি উপজেলা, ১২১টি ইউনিয়ন ও ৭টি পৌরসভা রয়েছে, তাই বিদ্যমান ৩টি সংসদীয় আসনের স্থলে অন্তত ৬টি সংসদীয় আসন করা প্রয়োজন।


(ঙ) সীমান্তবর্তী এলাকায় ১০৩৬ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ করা প্রয়োজন। যেহেতু, সীমান্ত অরক্ষিত থাকার সুযোগে সন্ত্রাসীরা অনায়াসে গুম-খুন করে সীমান্তের ওপারে ত্রিপুরা, আসাম, মিজোরাম, চিন রাজ্য ও আরাকানে পালিয়ে যায়। এছাড়া সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড়ি উপত্যকা হওয়ার কারণে প্রতি ১/২ কিলোমিটার পরপর বিজিবি'র বিওপি (BOP) স্থাপন করা প্রয়োজন।


(চ) পার্বত্য চুক্তির ফলে ১টি ব্রিগেড ও ২৪৬টি সেনাক্যাম্প প্রত্যাহার করা হয়েছে, যার কারণে পার্বত্য এলাকায় অবৈধ অস্ত্র, চাঁদাবাজি এবং গুম-খুনের ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তাই প্রত্যাহারকৃত ব্রিগেড ও সেনাক্যাম্পগুলো অবিলম্বে পুনঃস্থাপন করা অত্যন্ত প্রয়োজন। পার্বত্য চট্টগ্রামে আরেকটি নতুন ডিভিশন হেডকোয়ার্টার স্থাপন করা প্রয়োজন।


(ছ) বাংলাদেশের এক-দশমাংশ জুড়ে থাকা পার্বত্য অঞ্চল সমতল থেকে অনেক উঁচুতে অবস্থিত হওয়া সত্ত্বেও এখানকার নদীগুলোর নাব্যতা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। উপরন্তু, ভাটির অঞ্চলে পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে অপরিকল্পিতভাবে সড়ক, মহাসড়ক ও রেলপথ নির্মাণের কারণে প্রতি বছর বন্যায় পার্বত্য অঞ্চল প্লাবিত হয়। এতে শত শত কোটি টাকার ফসল ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তাই বাকখালী, মাতামুহুরী, সাঙ্গু, কর্ণফুলী, কাপ্তাই লেক, মাইনী, চেঙ্গী, কাচালং, মাচালং, ফেনী ও গোমতীসহ পার্বত্য অঞ্চলের প্রবাহমান নদীগুলোতে ক্যাপিটাল ড্রেজিং ও নদী শাসনের ব্যবস্থা করা খুবই জরুরি প্রয়োজন।


(জ) বিদেশি ও পশ্চিমা শক্তির হস্তক্ষেপে পার্বত্য চট্টগ্রামকে পূর্ব তিমুর বা দক্ষিণ সুদানের মতো পৃথক খ্রিস্টান রাষ্ট্রে পরিণত করার যে কোনো ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। এজন্য পার্বত্য চট্টগ্রামে ইউএনডিপি (UNDP)-সহ সকল সন্দেহজনক বিদেশি এনজিও'র কার্যক্রম বন্ধ করা প্রয়োজন।


(ঝ) যোগাযোগের ক্ষেত্রে চট্টগ্রাম-কক্সবাজার- আরাকান সড়কের সাথে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সড়ক সংযোগ উন্নত করতে হবে। জেলা সদর থেকে উপজেলা এবং উপজেলা থেকে সীমান্ত সড়ক পর্যন্ত রাস্তা নির্মাণ করে সেগুলোকে ফোর-লেনে উন্নীত করা প্রয়োজন। উল্লেখ্য, জেলা সদরগুলোতে রেলপথ সম্প্রসারণসহ পার্বত্য এলাকায় অন্তত ১টি বিমানবন্দর স্থাপন করা অত্যন্ত প্রয়োজন। এছাড়া আরাকান সড়ক থেকে রামগড় হয়ে খাগড়াছড়ি, খাগড়াছড়ি থেকে সাজেক, সাজেক থেকে রাঙ্গামাটি-বান্দরবান হয়ে সীমান্ত পথে কক্সবাজার এবং কক্সবাজারের রামু হয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, নাইক্ষ্যংছড়ি-আলীকদম-লামা হয়ে বান্দরবান সদর, বান্দরবান সদর হতে রাঙ্গামাটির রাজস্থলি-কাপ্তাই হয়ে রাঙ্গামাটি সদর, রাঙ্গামাটি হতে নানিয়ারচর ও খাগড়াছড়ির মহালছড়ি হয়ে খাগড়াছড়ির সদর দিয়ে পানছড়ি, পানছড়ি থেকে মাটিরাঙ্গার ভিতর দিয়ে রামগড় স্থলবন্দর পর্যন্ত পার্বত্য অঞ্চলের মধ্যভাগ দিয়ে আরেকটি সমন্বিত সড়ক নির্মাণ করা জরুরি প্রয়োজন।


(ঞ) পার্বত্য অঞ্চলে সামরিক প্রশিক্ষণ কেন্দ্র এবং সামরিক বিমানঘাঁটি নির্মাণ করা অত্যন্ত জরুরি প্রয়োজন।


(ত) 'সেটেলার' বলতে সাধারণত ভিনদেশ বা অন্য অঞ্চল থেকে এসে স্থায়ীভাবে বসতি স্থাপনকারীদের বোঝানো হয়। চীন, মিয়ানমার, মঙ্গোলিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, আসাম, মিজোরাম, নাগাল্যান্ড ও বিহারসহ বিভিন্ন অঞ্চল থেকে এসে যারা এই দেশে বসতি গড়েছেন তাদের অনেকেই এ দেশের সেটেলার হিসেবে পরিচিত। বাংলাদেশী বাঙালিরা হাজার বছর ধরে এদেশে বসবাস করে আসছে। সুতরাং বাঙালিরাই বাংলাদেশের আদিবাসী।

তবে দেশ ও বিদেশে অসত্য তথ্য উপস্থাপন করে সরকার, দেশরক্ষা বাহিনী এবং বাঙালিদের বিরুদ্ধে 'সেটেলার' আখ্যা দিয়ে একশ্রেণির ব্যক্তি অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে ব্যারিস্টার দেবাশীষ রায়, তার স্ত্রী ইয়ান ইয়ান, উষাতন তালুকদার, মনোগীত জুম্ম, চঞ্চনা চাকমা, অগাস্টিনা চাকমা, দীপায়ন খীসা, মাইকেল চাকমা এবং তাদের পক্ষে বিবৃতি প্রদানকারী তথাকথিত ৫২ জন বুদ্ধিজীবী ও বামপন্থী নেতার এ ধরনের মিথ্যা ও বানোয়াট অপপ্রচার অনতিবিলম্বে বন্ধ করা প্রয়োজন। পাশাপাশি, তাদের এই অপপ্রচারের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা অতীব জরুরি।


(থ) পার্বত্য দূর্গম এলাকাগুলোর প্রতিটি ইউনিয়ন পরিষদ সংলগ্ন ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপন করে চিকিৎসকসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রয়োজন।

(দ) অপারেশন থিয়েটারসহ উপজেলা সদরে ১০০ শয্যা ও জেলা সদরে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপন করা অতীব জরুরি। প্রতিটি হাসপাতালে প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি ও চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন।


(ধ) পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকাগুলোতে সুপেয় পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। সে ক্ষেত্রে বাঁধ নির্মাণ, গভীর নলকূপ, পাতকুয়া ও পাইপলাইনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।


(ন) পার্বত্য চট্টগ্রামের স্থায়ী ও সার্বিক সমস্যা সমাধানের লক্ষ্যে সরকারের দূরদর্শী পদক্ষেপে গঠিত ৩টি উচ্চপর্যায়ের কমিটিকে আমরা আন্তরিক সাধুবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সকল অংশীজনদের (স্টেকহোল্ডার) সঙ্গে অর্থবহ ও অন্তর্ভুক্তিমূলক আলোচনা অত্যন্ত জরুরি। তবে এই আলোচনার সুফল পেতে এবং টেকসই সমাধান অর্জনের জন্য প্রথম ও প্রধান পূর্বশর্ত হলো- পার্বত্য চুক্তিটি অবিলম্বে বাতিল করা। একটি বৈষম্যহীন ও ভারসাম্যপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমেই কেবল পাহাড়ের সার্বিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব।


(ট) পার্বত্য চট্টগ্রামের অবৈধ সশস্ত্র গোষ্ঠী, যেমন-জেএসএস (JSS), ইউপিডিএফ (UPDF) ও কেএনএফ (KNF) সহ সকল সন্ত্রাসী সংগঠনগুলো নিষিদ্ধ ঘোষণা করা জরুরি প্রয়োজন।

(ঠ) জরুরি ভিত্তিতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করা প্রয়োজন।


(ড) ২১টি গণহত্যার মাধ্যমে ২ হাজার পাহাড়ি, ৩৬ হাজার বাঙালি এবং প্রায় ১ হাজার সেনা, পুলিশ ও বিজিবি সদস্যকে হত্যার জন্য দায়ী সন্তু লারমার বিচার করতে হবে। তাকে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে খুনি হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করতে হবে। একই সাথে পার্বত্য অঞ্চলে দেশরক্ষার দায়িত্বে নিয়োজিত থেকে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের 'জাতীয় বীর' আখ্যা দিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে শহীদ পরিবারগুলোকে বিশেষ ভাতা প্রদান করা প্রয়োজন।


(ঢ) জনগণের জানমালের সুরক্ষায় পার্বত্য অঞ্চলের পুলিশ বাহিনীকে আধুনিকায়ন করা দরকার। প্রত্যন্ত এলাকায় পাড়ায় পাড়ায় পুলিশ ক্যাম্প স্থাপন, পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ, অত্যাধুনিক অস্ত্র, যানবাহন ও হেলিকপ্টার সরবরাহ করা প্রয়োজন।


(ণ) মিয়ানমারের আরাকান ও চিন রাজ্য এবং ভারতের মিজোরাম, মণিপুর, আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের প্রশিক্ষণ ক্যাম্প, নিরাপদ আশ্রয় এবং অস্ত্র ও অর্থ জোগানের পথ বন্ধ করতে আন্তর্জাতিক কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।

উল্লেখিত দাবি ও সুপারিশসমূহ বাস্তবায়ন হলেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা হবে বলে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতৃবৃন্দরা মনে করেন।








নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ