কক্সবাজারের টেকনাফে ২বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ৬ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও ১জন পুরুষ রয়েছেন। এ সময় দুটি বাটন ফোনও জব্দ করা হয়।
শুক্রবার (১৪ নভেম্বর) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, গত ১৩ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে মাদকের চালান পাচারের তথ্য পেয়ে সী বিচ বিওপির আওতাধীন মহেশখালী পাড়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিজিবির একটি আভিযানিক দল। সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে একটি অটোরিকশায় দুই নারী চেকপোস্টের কাছে পৌঁছালে তাদের বহন করা মালামাল তল্লাশি করা হয়। এ সময় একটি প্লাস্টিকের ঝুড়ির ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পাচারের অভিযোগে দুই নারীকে আটক করা হয়।
অপরদিকে, ১৪ নভেম্বর ভোররাতে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ জিন্নাখাল এলাকায় নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান প্রবেশের গোপন তথ্য পায় বিজিবি। এর ভিত্তিতে বিশেষ টহল দল স্পিডবোটসহ নাফ নদীর সম্ভাব্য প্রবেশপথে অবস্থান নেয়। রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে থার্মাল ইমেজার ও রাডারের মাধ্যমে মিয়ানমার থেকে আসা দুই সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করা হয়। পরে রাত আনুমানিক ২টার দিকে বস্তাসহ সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়। এ সময় অপর একজনকে একটি বস্তাসহ আটক করা হয়। বস্তাটি তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, টেকনাফের হাবিলপাড়া এলাকার ছেনোয়ারা বেগম (৫০), দিলারা বেগম (৪০) এবং সাবরাংয়ের গোলারপাড়া এলাকার মো. হোসেন (৫০)। এ ঘটনায় মো. শাকের (৪০) নামে আরও একজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের পাশাপাশি জব্দ করা ইয়াবা, গাঁজা ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্টাফ রিপোর্টার