"করবো সমবায়, গড়বো দেশ–সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়িতে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (০৮ নভেম্বর ২০২৬) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্ত্বর হতে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা সমবায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায় আন্দোলনের কোনো বিকল্প নেই। পারস্পরিক সহযোগিতা ও নিয়মবর্তিতার মাধ্যমে সমবায়কে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা।

স্টাফ রিপোর্টার