ad728

১০ দিনে হরমুজে ১১ তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছেন ইরান

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2026 ইং
ad728

গত ১০ দিনে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী অন্তত ১১টি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইরানের নৌবাহিনী।

এসব হামলায় জাহাজগুলো অচল করে দেওয়ার পাশাপাশি সেগুলোর নৌ-চলাচল নিয়ন্ত্রণব্যবস্থাও অকার্যকর করা হয়েছে বলে জানিয়েছে তেহরান।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১০ দিনে হরমুজ প্রণালি অতিক্রমের সময় অন্তত ১১টি জ্বালানিবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু করেছে ইরানের নৌবাহিনী। হামলার ফলে জাহাজগুলোর চলাচল ও নেভিগেশন ব্যবস্থা অচল হয়ে পড়ে। তবে কী ধরনের অস্ত্র বা পদ্ধতি ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালিতে একাধিক বাণিজ্যিক জাহাজে অগ্নিকাণ্ডের খবর জানিয়েছিল। গত রবিবার তিনটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করে বাহিনীটি। তাদের ভাষ্য, জাহাজগুলো অনুমোদনহীন পথে চলাচল করছিল।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে এ নৌপথে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইরান প্রণালিটি কার্যত বন্ধ করে দেওয়ার পাশাপাশি অনুমতি ছাড়া চলাচলকারী জাহাজে হামলার হুঁশিয়ারি দিয়ে আসছে। অন্যদিকে, ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে, সংঘাতের কারণে বাণিজ্যিক জাহাজের নাবিকদের প্রাণহানিও বাড়ছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) হিসাব অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন।

হরমুজ প্রণালিতে ধারাবাহিক হামলা ও পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক বাণিজ্যিক নৌপরিবহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। সূত্র: আল-জাজিরা



নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার

কমেন্ট বক্স
মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ

মহালছড়িতে জমির বিরোধ নিরসনে প্রশাসনের উদ্যোগ, আলোচনায় শান্তিপূর্ণ সমাধানের সিদ্ধান্ত: সেনাবাহিনীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ