দীর্ঘ সাত বছরের অপেক্ষা, চিকিৎসা আর নানা প্রতিকূলতা পেরিয়ে অবশেষে পুত্রসন্তানের মুখ দেখলেন চট্টগ্রামের এক ফার্মেসি ব্যবসায়ী দম্পতি। মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়ে বাবা-মা হয়েছেন দক্ষিণ গোভনীয়ার সুমন ও নিপা দম্পতি। দীর্ঘদিনের অপেক্ষার অবসানে তাঁদের পরিবারে বইছে আনন্দের বন্যা।
সুমন জানান, বিয়ের পর দীর্ঘ সাত বছর সন্তান না হওয়ায় সুমন ও নিপা দম্পতি মানসিকভাবে ভেঙে পড়েন। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েও কাঙ্ক্ষিত ফল পাননি তাঁরা। তিনবার গর্ভধারণ করলেও সন্তান জন্মের আগেই গর্ভপাত হয়। একপর্যায়ে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে বন্ধ্যাত্ব চিকিৎসায় সফলতার খবর পেয়ে তাঁরা সেখানে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। হাসপাতালটির বন্ধ্যাত্ব, গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. জেসমিন আক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু করেন নিপা। দীর্ঘ চিকিৎসা ও পর্যবেক্ষণের পর তাঁদের ঘর আলো করে আসে ফুটফুটে এক পুত্রসন্তান।
সন্তানের মুখ দেখতে পেয়ে আবেগাপ্লুত সুমন ও নিপা দম্পতি। সুমন জানান, চট্টগ্রাম শহরে তাঁর একটি ফার্মেসি ব্যবসা রয়েছে। শহরের নামীদামি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে তিনি ডা. জেসমিন আক্তারের নাম শুনেছেন। পরে তাঁর স্ত্রী চিকিৎসকের প্রতি আস্থা রেখে পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেন। অবশেষে সন্তান লাভ করায় তাঁরা অত্যন্ত সন্তুষ্ট। এ জন্য মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান, চিকিৎসক ডা. জেসমিন আক্তার ও হাসপাতালের স্টাফ নার্সসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
এর আগেও হাসপাতালটির চিকিৎসাসেবা ও বিভিন্ন মানবিক সাফল্যের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। স্থানীয় পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় হাসপাতালটি নিয়ে মানুষের আগ্রহ ও আস্থা তৈরি হয়েছে।
হাসপাতালের বন্ধ্যাত্ব চিকিৎসাসেবার এ সাফল্যের বিষয়ে চিকিৎসক ডা. জেসমিন আক্তার বলেন, দীর্ঘদিন সন্তান না হওয়া দম্পতিদের হতাশ না হয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সঠিক সময়ে চিকিৎসা গ্রহণের মাধ্যমে অনেক দম্পতির সন্তান লাভের সম্ভাবনা তৈরি হয়।
সাত বছরের অপেক্ষার পর সুমন-নিপা দম্পতির ঘরে নতুন অতিথির আগমন তাঁদের পরিবারের জন্য যেমন আনন্দের, তেমনি সন্তান লাভের আশায় অপেক্ষমাণ অন্য দম্পতিদের জন্যও আশাব্যঞ্জক খবর।

স্টাফ রিপোর্টার