বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে 'জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬' সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে লামা উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এই প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন লামা উপজেলার সুপারভাইজার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সোমাইয়া আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন এবং জামায়াত নেতা প্রভাষক মো. ফারুক আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, কোমলমতি শিশুদের মাঝে ইসলামি মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং সুস্থ সংস্কৃতির চর্চা গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পড়ালেখার পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিশুদের অংশগ্রহণ তাদের মননশীলতা ও দেশপ্রেম বৃদ্ধিতে সহায়তা করে।
উপজেলার বিভিন্ন মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোররা হামদ, নাত, কেরাত, আজান ও ইসলামিক বক্তৃতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিচারকদের রায়ে বিজয়ী প্রতিযোগী শিশু-কিশোরদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

স্টাফ রিপোর্টার