গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাঘাইছড়িতে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার শুরু হয়ে আজ বৃহস্পতিবার উপজেলা মিনি কনফারেন্স রুমে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জয়াস চাকমা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা ফ্যামিলি কার্ড কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, সরকারের এই মহতী উদ্যোগের মাধ্যমে দেশের প্রান্তিক ও প্রকৃত সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে আরও সুচারুভাবে সামাজিক নিরাপত্তার আওতায় নিয়ে আসা সম্ভব হবে।
প্রশিক্ষণে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারদের তথ্য সংগ্রহের সঠিক নিয়মকানুন, ডিজিটাল ব্যবস্থাপনা, এবং সুনির্দিষ্ট নির্দেশিকা সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, এই প্রশিক্ষণের মাধ্যমে মাঠ কর্মীরা আরও দায়িত্বশীল ও দক্ষতার সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারবেন।
প্রশিক্ষণে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারী সকল তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার অত্যন্ত গুরুত্বের সাথে অংশ নেন।

স্টাফ রিপোর্টার